হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। ফলে দেশে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে সংক্রমণ, হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং মৃত্যুর এসব পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।










