নবাবগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন এমপি খন্দকার আবু আশফাক
দোহার প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং বিভিন্ন মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার শোল্লা, যন্ত্রাইল, কৈলাইল, আগলা ও বাহ্রা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন তিনি।এ সময় খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদ্যাপন করে আসছেন। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন তিনি। দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন সংসদ সদস্য। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, বাহ্রা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা এবং বিপুলসংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।









