আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

সময়: 7:44 am - October 22, 2026 |

মানব কথা ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক থাকার প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। এ দুই দলের আচরণ একই রকম। তবে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার বিষয়ে কী ধরনের প্রমাণ রয়েছে, সে বিষয়ে তাঁর বক্তব্যে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর