রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ

সময়: 12:30 pm - October 24, 2026 |

তাহের মাহমুদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়টিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁর ভাষ্য, কখন কোন রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে পাঠানো হবে, তা মন্ত্রণালয়ের নিজস্ব এখতিয়ার। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে কপ-৩১ জলবায়ু সম্মেলন সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার কারণ জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, “ইটস অ্যান অ্যাবসলিউটলি ইন্টারনাল ম্যাটার অব ফরেন মিনিস্ট্রি। এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নেই। এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে, সেটি মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বিষয়।”  রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত না জানালেও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শামা ওবায়েদ। তিনি বলেন, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের সূচনা হয়েছে, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। বিএনপি সরকারের সময় বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নত অবস্থানে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রীর মতে, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাকশিল্পের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। জাপানি বিনিয়োগ আকর্ষণকে সফরের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে বিনিয়োগসংক্রান্ত নতুন আইন হয়েছে। বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আনার প্রচেষ্টা সফরসঙ্গী প্রতিনিধিদলের আলোচনায় গুরুত্ব পাবে। সরকার আশা করছে, সফরটি প্রত্যাশার চেয়েও বেশি সফল হবে।

এদিকে আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বাস্তব অবস্থা ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সম্মেলনে দেশের অবস্থান তুলে ধরা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের দুর্ভোগ এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর নেতিবাচক প্রভাব গুরুত্ব পাবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়নের ধরন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দেশের কার্বন নিঃসরণ অত্যন্ত নগণ্য হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় ভুক্তভোগীদের একটি। দক্ষিণ এশিয়ার অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে সমন্বিতভাবে এ বাস্তবতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে হবে। তিনি বলেন, জলবায়ু তহবিলের অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে আসা উচিত। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি। প্রতিমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, গ্রাম ও শহরের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে। প্রাণহানিসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি কমাতে পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন। তবে সেই অর্থায়ন অনুদান আকারে হওয়া উচিত। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অভিন্ন অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজন, পরিবেশ বিশেষজ্ঞ এবং জলবায়ু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। সম্মেলনে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থ তুলে ধরে সর্বোচ্চ সুবিধা আদায় করাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশের পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোতে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সফর সামনে রেখে দুই দেশের মধ্যে প্রায় আটটি দলিল চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। তবে আলোচনা শেষ হওয়ার পরই নির্ধারিত হবে, শেষ পর্যন্ত কতটি দলিল সই হবে। বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়াই সফরের অন্যতম লক্ষ্য।

Share Now

এই বিভাগের আরও খবর