শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্ন দেখি: রাষ্ট্রপতি

সময়: 10:46 am - October 26, 2026 |

বঙ্গভবনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান | বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ

বিশেষ প্রতিনিধি:

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’ নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির প্রত্যাশা পূরণের আহ্বানও জানিয়েছেন তিনি। সোমবার বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান। সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন। এ সময় তাঁরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। শিক্ষার্থীরা এ সময় রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি বাবা-মা, শিক্ষক ও মুরুব্বিদের যথাযথ সম্মান করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরুব্বিদের সবসময় সম্মান করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে জাতির প্রত্যাশাও পূরণ হবে।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক এবং ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বঙ্গভবন, রাষ্ট্র ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতেই এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান রাষ্ট্রপতি। নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে এবং জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর