ক্রসফায়ারের হুমকি সভ্য দেশে গ্রহণযোগ্য নয়’: হাসনাত আবদুল্লাহ
আইজিপির বক্তব্যের জবাবদিহি দাবি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধেও কঠোর সমালোচনা
মানব কথা ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘অনুমতি পেলে ক্রসফায়ার’–সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তাঁর জবাবদিহি দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, এ ধরনের বক্তব্যের মাধ্যমে পুলিশ বাহিনীকে আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিতর্কে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আইজিপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে মানুষ মারতে প্রস্তুত—এমন বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্যের পর সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হাসনাত বলেন, ‘যারা ক্রসফায়ার আর গুলি করে মানুষ মারার হুমকি দেয়, তারা হচ্ছে ডিবির হারুন আর বেনজীরের বংশধর।’ তাঁর ভাষ্য, জুলাই অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর সাধারণ সদস্যরা যখন মনোবল ফিরে পাওয়ার চেষ্টা করছেন, তখন কয়েকজন কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি বলেন, সরকার এ বিষয়ে স্পষ্ট অবস্থান না নিলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে। সমাবেশে মোংলার মিরাজের সন্ধান দাবি করেন হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্টগার্ডের মাধ্যমে গুমের শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক ভিন্নমতের কারণে হয়রানিমূলকভাবে আটক এক নারীর মুক্তিও দাবি করেন এই নেতা। দ্রব্যমূল্য, গ্যাস সংকট ও বাজারে সিন্ডিকেটের সমালোচনা করে হাসনাত বলেন, রাজধানীর মুগদা এলাকার বাসিন্দারা গ্যাস সংকটে রান্না করতে পারছেন না। ১ হাজার ৮০০ টাকার গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষকে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় কিনতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব সিন্ডিকেট ও চাঁদাবাজির পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ করেন হাসনাত। তবে এ অভিযোগের বিষয়ে সরকারের বক্তব্য পাওয়া যায়নি। সরকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির বিপরীতে দেশে মোড়ে মোড়ে প্রকাশ্যে চাঁদাবাজি ও টেন্ডারবাজি চলছে। এ ধরনের কর্মকাণ্ডকে কর্মসংস্থান হিসেবে দেখিয়ে তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ না হলে সাধারণ মানুষ রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করবে।









