হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৮ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৬। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন। এ ছাড়া একই সময়ের মধ্যে সারা দেশে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।









