সাংস্কৃতিক বিনিময়ে পাকিস্তান সফর, ঐতিহ্য ও শিল্পকলায় মুগ্ধ বাংলাদেশি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং শিল্প-ঐতিহ্যের পারস্পরিক পরিচিতি বাড়ানোর লক্ষ্যে পাকিস্তান সফর করেছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল। পাকিস্তান সরকারের ন্যাশনাল হেরিটেজ অ্যান্ড কালচার ডিভিশনের আমন্ত্রণে ১৬ অক্টোবর দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছায় দলটি। সফরে ঐতিহ্যবাহী স্থাপনা, জাদুঘর ও শিল্পকলা কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের শিল্পী ও প্রতিনিধিরা। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইসলামাবাদের ন্যাশনাল আর্ট গ্যালারি, ইসলামাবাদ মিউজিয়াম, ফয়সাল মসজিদ এবং লোক বিরসা জাদুঘর পরিদর্শন করে। এসব পরিদর্শনের মাধ্যমে পাকিস্তানের ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পান তাঁরা। সফরের শুরুতে বাংলাদেশি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল আর্ট গ্যালারি পরিদর্শন করে। পাকিস্তানের জাতীয় পর্যায়ের এ শিল্পকলা কেন্দ্রে দেশটির চিত্রকলা, ভাস্কর্য ও সমকালীন শিল্পকর্মের বিভিন্ন নিদর্শন রয়েছে। গ্যালারিটি পরিদর্শনের মাধ্যমে পাকিস্তানের শিল্পচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানেন প্রতিনিধিরা। এরপর তাঁরা ইসলামাবাদ মিউজিয়াম পরিদর্শন করেন। সেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক সংগ্রহ, মুদ্রা, ভাস্কর্য ও বিভিন্ন সময়ের সাংস্কৃতিক উপাদান ঘুরে দেখেন। এ ছাড়া পাকিস্তানের অন্যতম স্থাপত্য নিদর্শন ফয়সাল মসজিদও পরিদর্শন করেন তাঁরা।
১৭ অক্টোবর পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেয় বাংলাদেশি প্রতিনিধিদল। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা সংগীত, নৃত্য ও চিত্রকলাসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা দর্শকদের প্রশংসা অর্জন করে বলে সফরসংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে। ১৮ অক্টোবর প্রতিনিধিদলটি ইসলামাবাদের লোক বিরসা জাদুঘর পরিদর্শন করে। পাকিস্তানের লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী জীবনধারা, পোশাক, কারুশিল্প ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণে জাদুঘরটির ভূমিকা সম্পর্কে ধারণা নেন তাঁরা। ১৯ অক্টোবর পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের অডিটোরিয়ামে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় আরেকটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, সংশ্লিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। সফরসংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধিদের পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সফর দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে শিল্পী বিনিময়, যৌথ সাংস্কৃতিক আয়োজন, গবেষণা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।









