সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

সময়: 12:18 pm - November 6, 2026 |

সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তিনি। আওয়ামী লীগকে দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের বিষয়গুলোও ধারণ করা হবে। তিনি বলেন, সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দ্বীন ও দেশের পক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে সংগঠনটির আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীসহ আলেম-ওলামারা নেতৃত্ব দিয়েছেন।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছিল। আর ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর আন্দোলন করতে হয়েছে। এ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন লাখ লাখ মানুষ।

আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার হুঁশিয়ারি:

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ আর কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য মানুষের রক্ত ঝরিয়েছে এবং অত্যাচার-নির্যাতন চালিয়েছে, সেই জালেম, স্বৈরাচারী ও খুনি আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ অনেকে।

Share Now

এই বিভাগের আরও খবর