হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৭ শিশু। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫ জন, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১ জন, সিলেটে ৩২ জন এবং চট্টগ্রামে ৩০ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।









