বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

সময়: 10:44 am - November 18, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদে রিজার্ভের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ খাতের বিকাশে উদ্যোগ নিয়েছিলেন। প্রবাসে শ্রমিক পাঠানোর ব্যবস্থাও তাঁর উদ্যোগে চালু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন ব্যয় কমানো এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের তফসিলি ব্যাংকগুলোর পাশাপাশি বিদেশে অবস্থিত এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরদের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে, প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে অর্থ স্থানান্তরের খরচ কমছে। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও অর্থ পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। নতুন প্রযুক্তি ও মাধ্যম ব্যবহারের মাধ্যমে রেমিট্যান্স সেবা আরও সহজ করতে উদ্ভাবনী কার্যক্রমও চলমান রয়েছে বলে সংসদে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর