ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

সময়: 4:41 pm - November 17, 2026 |

মানব কথা ডেস্ক:

অতীতের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।  তিনি বলেন, যে ফ্যাসিবাদকে সবাই মিলে পরাজিত করা হয়েছে, তা কোনো রূপে ফিরে আসার আশঙ্কা দেখা দিলে সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। জাতীয় সংসদে আজ পাবনা-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। আন্দালিভ রহমান বলেন, জাতীয় সংকটের সময়ে রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক বিরোধের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের সমালোচনা করতে বিরোধী দলের কোনো বাধা নেই। তবে জাতীয় সংকট মোকাবিলায় সবার পূর্ণ মনোযোগ ও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময়ে অর্থ পাচার, ব্যাংক খাতে লুটপাট ও দুর্নীতির কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। আওয়ামী লীগ আমলে এস আলম ও সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের অর্থ লুটপাটের কারণে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলেও বাংলাদেশের অর্থনীতির এতটা ক্ষতি হয়নি, যতটা গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গার্মেন্টস মালিকদেরও এলসি খুলতে নানা সমস্যায় পড়তে হয়েছে। ওই সময়ের দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, তা যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরতে না পারাকে নিজেদের বড় ব্যর্থতা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে, যখন দেশের অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ অবস্থা থেকে উত্তরণে সরকারকে সময় দিতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, সরকার শ্রমিকদের বিশ্বাস করে, শ্রদ্ধা করে এবং ভালোবাসে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রত্যেক মাসে নয়, বরং প্রত্যেক সেলাইয়ের বিপরীতে শ্রমিকদের মজুরি পাওয়ার ব্যবস্থা থাকা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশের শ্রমিকদের নিয়ে চলমান সংকট একটি জাতীয় সংকট। এ পরিস্থিতিতে রাজনৈতিক বক্তব্য বা পরস্পরকে দোষারোপ না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের জীবিকা ও দেশের শিল্প খাতের স্বার্থে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মন্ত্রী আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতি নষ্ট করার অপচেষ্টা চলছে। দেশের বাইরে অবস্থান করে কেউ কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তাদের উদ্দেশ্য দেশের রাজনৈতিক সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা। গণতান্ত্রিক ধারায় দেশের উন্নয়ন এবং সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত করাই এসব তৎপরতার উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।জ্বালানি খাতের প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে দেশে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করা হয়নি। বরং কৃত্রিম সংকট তৈরি করে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করা হয়েছে। ফলে জ্বালানি খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। আন্দালিভ রহমান বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলি বা আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক বিতর্কে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার কাজে সবাইকে মনোযোগী হতে হবে।অতীতের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হয়েছে, তা যেন কোনোভাবেই আবার ফিরে আসতে না পারে। এমন পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে আমরা সবাই এক হয়ে ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে থাকব।সূত্র :বাসস

Share Now

এই বিভাগের আরও খবর