কাস্টমস-এনবিআর নিয়ে দেশে-বিদেশে নেতিবাচক কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

সময়: 10:00 am - November 28, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশে-বিদেশে যেখানেই যান, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিষয়ে নেতিবাচক কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। কাস্টমস ও এনবিআরের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক ধারণার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এ পরিস্থিতির উন্নয়নে তিনি নিজে চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও এ বিষয়ে কাজ করছেন। যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। সরকার সব অংশীজনের সঙ্গে নিয়মিত আলোচনায় আগ্রহী। আমির খসরু বলেন, শুধু এনবিআর নয়, সব ক্ষেত্রেই পরামর্শ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রাখতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো।’ সংস্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার যত জোরালো উদ্যোগই নিক বা আগাম প্রস্তুতি গ্রহণ করুক, অংশীজনরা এগিয়ে না এলে সংস্কার সফল হবে না।

তিনি সবাইকে সংস্কার কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সংস্কারের জন্য সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিতেও সরকার পিছপা হবে না। এসব সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণ নিশ্চিত হলে সেটিই একটি রাজনৈতিক সরকারের কর্তব্য বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

Share Now

এই বিভাগের আরও খবর