হাসিনা জিয়াউলকে ১০ হাজার মানুষকে ‘এলিমিনেটের’ নির্দেশ দিয়েছিলেন: চিফ প্রসিকিউটর
কোর্ট রিপোর্টার:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ১০ হাজার মানুষকে ‘এলিমিনেট’ বা সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এক সাক্ষীর জবানবন্দির বরাত দিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির অর্থ ভুক্তভোগী ও শহীদ পরিবারের মধ্যে বণ্টনের আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ টানা তৃতীয় দিনের মতো সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে এসব আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এর মধ্য দিয়ে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী রোববার সকাল ১১টা থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হবে। শেষ দিনে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মামলার বিভিন্ন দিক তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২০(২) ধারা অনুযায়ী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। পাশাপাশি তিনি দোষী সাব্যস্ত হলে তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন করা হয়েছে। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ শহীদ, আহত ও নিহত ব্যক্তি এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের মধ্যে বণ্টনের আবেদনও জানিয়েছে প্রসিকিউশন। জাতির প্রত্যাশা বিবেচনায় মামলাটির রায় দ্রুত ঘোষণার অনুরোধও জানানো হয়েছে।
মামলার সাক্ষ্য-প্রমাণের বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, মোট ১৫ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাঁদের মধ্যে ছয়জন জিয়াউল আহসানের অপরাধের সহযোগী ও প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁদের সাক্ষ্যে গুম ও হত্যার বিভিন্ন বিবরণ উঠে এসেছে। সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী, এ মামলায় মোট ১১৬ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০০ জনের মরদেহের সন্ধান মেলেনি। প্রসিকিউশনের অভিযোগ, এসব ব্যক্তিকে হত্যার পর পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মরদেহ উদ্ধার না হলেও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে আসামির সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই বলে যুক্তি দিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে ট্রাইব্যুনালে দেশি-বিদেশি আদালতের সাতটি রায়ের নজির তুলে ধরা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘মুজাহিদুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর’ মামলাসহ চারটি রায়, ভারতের সুপ্রিম কোর্টের একটি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর দ্য ফরমার যুগোস্লাভিয়ার (আইসিটিওয়াই) দুটি রায় রয়েছে। যুক্তিতর্কে জিয়াউল আহসানের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগাযোগ এবং ১০ হাজার মানুষকে ‘এলিমিনেট’ করার নির্দেশনার বিষয়টিও তুলে ধরেছে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর জানান, তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া মেজর তৌহিদের জবানবন্দির একটি অংশ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। জিয়াউল আহসানের শিক্ষক ছিলেন মেজর তৌহিদ। ব্যক্তিগত কারণে তাঁকে আদালতে হাজির করা সম্ভব না হলেও তাঁর রেকর্ড করা জবানবন্দি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়। ওই জবানবন্দির বরাতে চিফ প্রসিকিউটর বলেন, একসময় জিয়াউল আহসান মনে করেছিলেন, তাঁর পক্ষে আর মেজর পদে পদোন্নতি পাওয়া সম্ভব হবে না। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার পর তিনি মেজর তৌহিদকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। এরপর থেকে তিনি ‘বাদশাহী জীবনযাপন’ করবেন। একই জবানবন্দিতে বলা হয়েছে, শেখ হাসিনা তাঁকে ১০ হাজার মানুষকে ‘এলিমিনেট’ করার নির্দেশনা বা অভিমত দিয়েছিলেন বলে জিয়াউল আহসান জানিয়েছিলেন। ওই তালিকায় বিএনপির ছয় হাজার, জামায়াতে ইসলামীর দুই হাজার এবং জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া দুই হাজার ব্যক্তির নাম ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়।
গুম ও হত্যার ঘটনা আড়াল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ভুয়া এজাহার, বিকৃত ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি এবং গণমাধ্যম ব্যবহারের অভিযোগও তুলে ধরেছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, একটি ভিডিও ফুটেজে একটি অভিযানে জিয়াউল আহসানকে নিজ হাতে ভুক্তভোগীদের গুলি করতে দেখা গেছে। অথচ ওই ঘটনার পর করা এজাহারে তাঁর সম্পৃক্ততার কথা গোপন করে কনস্টেবল, এসআই কিংবা এএসআইরা গুলি করেছেন বলে উল্লেখ করা হয়। তিনি আরও জানান, মামলার চার্জ-১-এ থাকা সজলের সুরতহাল প্রতিবেদন ও এজাহারে গুলির চিহ্নের উল্লেখ থাকলেও পরে ময়নাতদন্ত প্রতিবেদনে বিকৃত তথ্য দিয়ে ঘটনার ভিন্ন চিত্র তুলে ধরা হয়। নজরুল ও আলকাস মল্লিকের মরদেহের ক্ষেত্রেও একইভাবে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, হত্যার পর মিথ্যা এজাহার তৈরি করে অর্থের বিনিময়ে কাজ করা একশ্রেণির ব্যক্তি ও অনুগত গণমাধ্যমের মাধ্যমে সেসব তথ্য প্রচারের সংস্কৃতি গড়ে উঠেছিল।
বিচার চলাকালে আসামির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বিচারকরা আসামির আচরণ ও অভিব্যক্তি সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পান। ভয়াবহ অভিযোগ ও সাক্ষ্য উপস্থাপনের সময় জিয়াউল আহসানকে নির্বিকার থাকতে দেখা গেছে। কখনো হাত নাড়াচাড়া করেছেন, আবার কখনো লেখা বা পড়ার ভঙ্গি করে অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যুক্তিতর্কের শেষ দিন পর্যন্ত তাঁর মধ্যে কিংবা তাঁর পক্ষে মামলা পরিচালনাকারী বোন আইনজীবীর আচরণে কোনো অনুশোচনার প্রকাশ দেখা যায়নি বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। এদিকে আসামিপক্ষের সময় চাওয়ার প্রবণতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মামলার শুরু থেকেই প্রায় প্রতিটি ধার্য তারিখে আসামিপক্ষ কোনো না কোনো অজুহাতে সময় চেয়েছে। গত তিন দিন প্রসিকিউশনের যুক্তিতর্ক চলার সময় তারা আদালতে উপস্থিত থেকে সব বক্তব্য শুনেছে এবং প্রয়োজনীয় নথিপত্রও তাদের কাছে রয়েছে। এরপরও বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরু করতে বলা হলে আসামিপক্ষ আগামী ৩ ডিসেম্বরের আগে প্রস্তুত হতে পারবে না জানিয়ে সময় চায় বলে জানান তিনি। মামলায় এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের অপেক্ষা। আগামী রোববার সকাল ১১টা থেকে তাদের যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।









