বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথে বন্দুক ঠেকিয়ে নববধূকে তুলে নিল প্রাক্তন প্রেমিক

সময়: 2:21 pm - February 22, 2026 |

মানব কথা: বিয়ের পরপরই স্বামীর সামনে নববধূকে বন্দুকের মুখে অপহরণের অভিযোগ উঠেছে তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথেই তুলে নিয়ে যান প্রাক্তন প্রেমিক।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভোরে ভারতের ওড়িশার বালাঙ্গির জেলায় এ ঘটনা ঘটেছে।

বালাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল বিয়ের জন্য কান্তামাল এলাকায় গিয়েছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে তাদের গাড়ির পথরোধ করা হয়। অভিযুক্ত ব্যক্তি আরও দুইজনকে সঙ্গে নিয়ে গাড়ি থামিয়ে বরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। এরপর জোরপূর্বক নববধূকে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর ও তার সঙ্গীরা অসহায় অবস্থায় সেখানেই পড়ে থাকেন।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় পরে বর তারভা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বন্দুক দেখিয়ে তাকে আটকে রেখে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে।

তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং কনেকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খুঁজে বের করে ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর