প্রধানমন্ত্রীকে স্বপরিবারে ইফতারের আমন্ত্রণ জানাল জামায়াত
মানব কথা: আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিলে **প্রধানমন্ত্রী তারেক রহমান**কে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে এ আমন্ত্রণ জানান।
পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতারের দাওয়াত জানাতেই তারা সচিবালয়ে গিয়েছিলেন। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর অসুস্থতার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী ফোনে তার সঙ্গে কথাও বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে জামায়াত আমির টেলিফোনে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তান **জাইমা রহমান**সহ সপরিবারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। উভয়ের কাছেই দাওয়াতপত্র হস্তান্তর করা হয়েছে।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল জামায়াতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এ সময় দেশ পরিচালনা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়—সে আহ্বান জানানো হয়। জবাবে প্রধানমন্ত্রী সরকারের লক্ষ্য ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন এবং নতুন দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়েও মতবিনিময় করেন। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আগের ‘ব্যাড প্র্যাকটিস’ যেন না থাকে, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সরকারি দল ও বিরোধীদলের মধ্যে সমন্বয়, রাজনীতির সব বিতর্কের জায়গা সংসদ হওয়া এবং পার্লামেন্টারি গণতন্ত্রের চর্চা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলোচনা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকার, দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টসহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত বলা যাবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।












