ব্যাংকারদের গণপরিবহনে চলাচলের নির্দেশ
মানব কথা: চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি পরিহার করে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরপিডি সার্কুলার লেটার নং–১০-এ বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় এখন জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে ব্যাংকের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের উৎসাহিত করা হয়েছে।
এছাড়া দাপ্তরিক ভ্রমণের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন এবং ‘কার-পুলিং’ বা একাধিক কর্মকর্তা মিলে একটি যানবাহন ব্যবহারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জ্বালানির পাশাপাশি ব্যাংকগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক:
অফিসের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় অপ্রয়োজনে লাইট ও এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখা।
এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা।
ব্যাংক ভবনের অতিরিক্ত আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে সংযম প্রদর্শন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় জ্বালানি নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

















