ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত

সময়: 10:07 am - March 17, 2026 |

মানব কথা: ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় নিহত হয়েছেন শিশুসহ একই পরিবারের তিনজন। আহত হয়েছেন আরেকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিহতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম, তার স্ত্রী এবং তাদের আট মাস বয়সী মেয়ে সন্তান।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শফিকুলের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শফিকুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ নামে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামে বসবাস করতেন।

ওসি নাজমুল হক গণমাধ্যমকে বলেন, “পবিত্র ঈদুল ফিতরের ছুটি পেয়ে মঙ্গলবার সকালে সপরিবারে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি দিনাজপুরে ফিরছিলেন শফিকুল ইসলাম।

পথে মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বুড়িমারীগামী একটি পণ্যবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।”

ওসি আরও বলেন, ‘‘সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শফিকুল, তার স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু হয়। আহত অপর শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’’

দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Share Now

এই বিভাগের আরও খবর