চাটখিলে নিখোঁজ যুবকের অর্ধপোড়া লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর মোহাম্মদ খোকন (২৭) নামে এক যুবকের অর্ধপোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত খোকন ওই গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির বাসিন্দা এবং ফারুক হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ৪ তারিখে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল (৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সাবেক মন্ত্রী মাহবুবুর রহমানের বাড়ির পূর্ব পাশে তার ছোট ভাই আজাদের খালি জায়গার দক্ষিণ কোণে অর্ধপোড়া অবস্থায় খোকনের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি চাটখিল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আসে।
আজ (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী পুলিশ সুপার (ক্রাইম) ও চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এএসপি মনীষ দাস এবং চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোনাফ।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।















