সরকার শূন্য হাতে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মানব কথা: সরকার একেবারে শূন্য হাতে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, “মাইনাস পয়েন্ট থেকে একটা পর্যায়ে শূন্যতে নিয়ে এসেছেন ড. ইউনূস। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই, তারপরেও জনকল্যাণে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হয়েছে।”
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। তার অংশ হিসেবে আজকে এই দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করা হলো। তিনি আরও জানান, আজ সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গত সপ্তাহে
বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটানো হবে।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, “নির্বাচনের সময় আমরা ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তার কথা বলেছিলাম। সেই প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু হয়েছে। এছাড়া বাসাইল বাজারের যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের চিন্তা করছে সরকার। সারা দেশের মানুষ যাতে উন্নয়নের সুফল পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।















