স্বৈরাচারকে মানুষ সহ্য করে না, প্রমাণ করবে জুলাই জাদুঘর: স্পিকার
মানব কথা:জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক জীবন্ত দলিল হয়ে থাকবে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে কখনো সহ্য করে না। মঙ্গলবার জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, জাদুঘরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শহীদ মিনারের বিশাল গণসমাবেশ এবং রাজপথে লাখো মানুষের উপস্থিতির চিত্র অত্যন্ত নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র কথিত হত্যার নির্দেশ সংবলিত কল রেকর্ডও সেখানে সংরক্ষণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এসব দেখে যেমন ব্যথিত হবেন, তেমনি ভবিষ্যতের লড়াইয়ের জন্য অনুপ্রাণিতও হবেন।” স্পিকার আরও বলেন, জাদুঘরটিতে বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস, মহান স্বাধীনতা যুদ্ধ, বিভিন্ন সময়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হয়েছে। এজন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “এখানকার প্রদর্শনী দেখলে অশ্রু সম্বরণ করা কঠিন। তরুণ ও শিশুরা যেভাবে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল উদাহরণ হয়ে থাকবে।”
তিনি জানান, জাদুঘরে শহীদদের ব্যবহৃত সামগ্রী, শেষ চিঠি, দুর্লভ আলোকচিত্র এবং তাদের পরিবারের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। এসব ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি। স্পিকার বলেন, “এই জাদুঘর আগামীর জন্য এক বিশাল সম্পদ। মানুষ এখানে এসে হত্যাকাণ্ডের নিন্দা জানাবে এবং গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা পাবে।”
তিনি দেশের গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।













