বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিলো চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক

সময়: 8:12 am - May 13, 2026 |

মানব কথা: বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের শীর্ষ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান Sinovac Biotech-এর অঙ্গপ্রতিষ্ঠান Sinovac Foundation। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেকের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দুঃসময়ে টিকা সহায়তা দিয়ে চীন আবারও বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে।” তিনি জানান, দেশে হামের টিকা কার্যক্রম জোরদার হলেও ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন রোগ মোকাবিলা এখনো বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, পোলিও ও যক্ষ্মাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকার কোনো ঘাটতি নেই এবং টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সিনোভ্যাকের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে তারা গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদান দেশের পোলিও নির্মূল কার্যক্রমকে আরও বেগবান করবে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিনোভ্যাকের তৈরি মোট ৭৬ হাজার ৬১৬ ভায়ালের এই চালান ইতোমধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সংরক্ষণাগারে পৌঁছেছে। সেখান থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে সরবরাহ করা হবে। উল্লেখ্য, সিনোভ্যাকের তৈরি এসআইপিভি পোলিও টিকা ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রি-কোয়ালিফিকেশন অর্জন করে। বৈশ্বিক পোলিও নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এই টিকা সরবরাহ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর