আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
মানব কথা: শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো শিক্ষা। আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানবসম্পদ তৈরি করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ ‘অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। “তার অগ্রাধিকারের তালিকায় প্রথম বিষয় শিক্ষা, দ্বিতীয় বিষয় শিক্ষা এবং তৃতীয় বিষয়ও শিক্ষা,”—বলেন তিনি।
ড. মিলন বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। প্রাকৃতিক সম্পদ না থাকলেও অনেক দেশ শিক্ষিত ও দক্ষ মানবসম্পদের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তাই বাংলাদেশের বিপুল জনশক্তিকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, দেশপ্রেম, নৈতিকতা, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধও ধারণ করতে হবে। “ভ্যালুস ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। পরিবার থেকেই প্রকৃত শিক্ষার শুরু,”—মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এসএসসি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সময় শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “একজন অভিভাবকের সবচেয়ে বড় বিনিয়োগ তার সন্তানের শিক্ষা।” তাই শিক্ষার্থীদের পরিবার ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সরকার আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা বিস্তারে কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য রাষ্ট্র যা প্রয়োজন তা নিশ্চিত করার চেষ্টা করছে। প্রতিদানে শিক্ষার্থীদেরও দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মাসুদুর রহিম।










