দেশি পশুতেই মিটবে কোরবানির চাহিদা: প্রাণিসম্পদমন্ত্রী
মানব কথা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবার কোরবানি সম্পন্ন হবে এবং এ জন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য প্রয়োজনীয় গরু, ছাগল ও ভেড়ার তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন হবে না। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, চোরাচালানের মাধ্যমে কোনো পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তবর্তী এলাকার মানুষকেও সতর্ক করা হয়েছে।
কৃষিখাত নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ সময় তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। মন্ত্রী আরও বলেন, কম খরচে গবাদিপশু লালন-পালন নিশ্চিত করা এবং উন্নত জাতের ঘাস উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। গবেষণা কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি বিএলআরআই পরিদর্শনে এসেছেন বলেও জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মো. দেলোয়ার হোসেন।










