দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার

সময়: 1:13 pm - May 14, 2026 |

মানব কথা:দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে শর্তসাপেক্ষে চার বছরের জন্য এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এসব নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত—যেটি আগে হবে, ততদিন দায়িত্ব পালন করবেন তারা। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ভিসিদের সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসি হয়েছেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভিসি হয়েছেন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি হয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ফাইল অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি ও প্রশাসনিক পদে বড় ধরনের পরিবর্তন আসে। আন্দোলন, সমালোচনা ও নানা বিতর্কের মুখে একের পর এক উপাচার্য পদত্যাগ করলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।বর্তমান সরকারের আমলে ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা প্রশাসনে স্থিতিশীলতা ফেরানো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর প্রশাসন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর