জাতিসংঘে অনানুষ্ঠানিক সংলাপে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মানব কথা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত অনানুষ্ঠানিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক। অনুষ্ঠানটি জাতিসংঘ ওয়েবটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের কার্যক্রম পুনরুজ্জীবন সংক্রান্ত প্রস্তাবের আলোকে সভাপতির প্রার্থীদের নিজেদের ভিশন উপস্থাপন এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক সংলাপে অংশ নেওয়া বাধ্যতামূলক। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।সংলাপে সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও ব্যক্তিরাও অংশ নেন। কেউ সশরীরে আবার কেউ ভিডিও বার্তার মাধ্যমে প্রশ্ন ও মতামত জানান।এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী ড. খলিলুর রহমান জাতিসংঘে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় এবং জেনেভাভিত্তিক জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।নিজের ভিশন উপস্থাপনে তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন এবং সবার জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে সক্ষম একটি কার্যকর ও সাড়া-দানে সক্ষম বহুপাক্ষিক ব্যবস্থা এখন সময়ের দাবি।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে অনুষ্ঠিত হবে। প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এ বছর সভাপতি আসবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে।ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন সাইপ্রাসই এ পদে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে রয়েছে।সূত্র :-বাসস









