২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
মানব কথা: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, অনুমোদিত এডিপির মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও অগ্রগতি নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি নির্বাচনি ইশতেহার ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন আগামী বাজেটে থাকবে। অর্থমন্ত্রী আরও বলেন, “ভঙ্গুর অর্থনীতি থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সে বিষয়ে আগামী পাঁচ বছরের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এডিপি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশ।” তিনি জানান, পূর্ববর্তী সরকারের নেওয়া প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। যেসব প্রকল্প বাস্তবায়ন দেশের জন্য উপকারী হবে, সেগুলো চালু রাখা হবে। একইসঙ্গে নতুন প্রকল্পগুলোও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।











