নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থানেও অবদান রাখছে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী

সময়: 8:29 am - May 20, 2026 |

মানব কথা:দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাহিনীটি আরও বড় ভূমিকা পালন করবে। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি মিলনায়তনে ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। গ্রামাঞ্চল, শহর, বন্দর এলাকা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল পর্যন্ত বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা বা অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে তারা। এসব কারণে আনসার বাহিনী এখন একটি সুশৃঙ্খল ও স্বতন্ত্র বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও আস্থা বৃদ্ধিতে কাজ করছেন। একই সঙ্গে নগর এলাকার টিডিপি সদস্যরাও শহরের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি বলেন, ‘সঞ্জীবন’ প্রকল্প, বিভিন্ন ওয়েবসাইট এবং আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করছে বাহিনীটি। আনসার বাহিনীর সুস্পষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞ জনবল দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন জেলার আনসার সদস্যদের সমস্যার কথাও শোনেন।

Share Now

এই বিভাগের আরও খবর