অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়: ডিএমপি কমিশনার

সময়: 9:27 am - May 20, 2026 |

মানব কথা: অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজধানীতে কোথাও মব সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাবে পুলিশ। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারি, অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।তিনি জানান, বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং তালিকা অনুযায়ী গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে। মোসলেহ উদ্দিন আহমদ বলেন, জামিনে বের হয়ে অনেক শীর্ষ সন্ত্রাসী আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। থানাকে জনবান্ধব ও সেবামুখী করার অঙ্গীকার জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, থানায় কোনো দালালের স্থান হবে না। কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি থানা ও ফাঁড়ির মানোন্নয়নে কাজ করা হবে বলেও জানান তিনি। ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে এ খাতে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। পুলিশের একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Share Now

এই বিভাগের আরও খবর