আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই মিলবে সব সামাজিক সুবিধা:সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সময়: 9:49 am - May 20, 2026 |

মানব কথা:দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও সমন্বয় আনতে ‘ফ্যামিলি ট্রি’ নামে নতুন একটি ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেম চালুর পরিকল্পনা করছে সরকার। এই প্ল্যাটফর্ম চালু হলে একটি কার্ড ও কিউআর কোডের মাধ্যমেই প্রান্তিক জনগোষ্ঠী সব ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করতে পারবে। সচিবালয়ে নিজ কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। ফলে একই ব্যক্তি বা পরিবার একাধিক ভাতা নেওয়ার সুযোগ বন্ধ হবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প বাস্তবায়ন চলছে। আগামী জুনের মধ্যে ৮০ হাজার মানুষকে এ কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।তিনি বলেন, পাইলটিং কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে ছোটখাটো ভুল-ত্রুটি চিহ্নিত করে স্থায়ী সমাধান বের করা। ইতোমধ্যে চাঁদপুরে দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়েছে এবং আগামী জুনে আরও ১৮টি উপজেলায় এই কার্যক্রম চালু হবে। ফারজানা শারমীন জানান, ইউরোপ-আমেরিকার আদলে বাংলাদেশেও একটি পূর্ণাঙ্গ ‘সোশ্যাল কার্ড’ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ‘ফ্যামিলি ট্রি’ চালু হলে একটি ডিজিটাল আইডির মাধ্যমে জানা যাবে একটি পরিবার রাষ্ট্র থেকে কী কী সুবিধা পাচ্ছে। তিনি বলেন, একজন ব্যক্তি একসঙ্গে একাধিক ভাতা নিতে পারবেন না। তবে পরিবারের অন্য সদস্যদের কৃষক কার্ড, প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য সুবিধা চালু থাকবে। প্রতিমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের আওতায় মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে বর্তমানে যারা বয়স্ক বা বিধবা ভাতা পাচ্ছেন, তারা নতুন এই কার্ড নিতে চাইলে আগের ভাতা ত্যাগ করতে হবে। যোগ্য উপকারভোগী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ‘প্রক্সি মিনস টেস্ট’ (PMT) অনুসরণ করে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। পরিবারের আর্থসামাজিক অবস্থা, বাসস্থানের ধরন, সম্পদ ও জীবনযাত্রার মান বিবেচনায় স্কোর নির্ধারণ করা হবে। নির্ধারিত সীমার নিচে থাকা অতি দরিদ্র পরিবারগুলোই এই সুবিধা পাবে।ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কার্ডের নামে অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে কয়েকটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর