হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৭ হাজার ছাড়াল

সময়: 10:01 am - May 20, 2026 |

মানব কথা:দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।এর ফলে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭ জনে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা না দেওয়া, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না নেওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। শিশুদের জ্বর, শরীরে লালচে দানা, সর্দি-কাশি ও চোখ লাল হওয়া—এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর