মাঠপর্যায়ে দায়িত্ব শেষে সেনাসদস্যরা ব্যারাকে ফিরবে:সেনাপ্রধান

সময়: 9:47 am - May 21, 2026 |

মানব কথা:বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শিগগিরই ব্যারাকে ফিরে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান জানান, ইতোমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরে গেছেন। তবে বর্তমানে দেশের ৬২টি জেলায় এখনও ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের প্রয়োজন মনে করবে, ততক্ষণ মাঠপর্যায়ে আমাদের কার্যক্রম চলবে।” জেনারেল ওয়াকার-উজ-জামান আরও জানান, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ফুয়েল ডিপোগুলোতেও সেনাবাহিনীর মোতায়েন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান দেশ গঠন ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনের সময় সেনাসদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। গত ১৬ মে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

Share Now

এই বিভাগের আরও খবর