রাজউকের কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়ানোর নির্দেশ গৃহায়ন প্রতিমন্ত্রীর
মানব কথা:নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। শনিবার রাজউক অডিটোরিয়ামে উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে রাজউকের কর্মকর্তাদের একটি টিম হিসেবে কাজ করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা, সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতবিনিময় সভায় কর্মকর্তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনেন প্রতিমন্ত্রী। পরে তিনি কর্মক্ষেত্রে বিদ্যমান নানা জটিলতা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় জানানো হয়, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করছে। এই উইং ভবন নির্মাণ, ভূমির ব্যবহার ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা অনুমোদন, ড্যাপ ও মাস্টার প্ল্যান অনুযায়ী ভূমির ব্যবহার নিশ্চিতকরণ, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) বাস্তবায়ন এবং অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। রাজউকের এই উইং ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) তদারকি এবং নির্মাণ শেষে অকুপেন্সি সার্টিফিকেটও প্রদান করে থাকে।









