হাজিদের সেবায় ব্যর্থদের আর দায়িত্ব নয়: ধর্মমন্ত্রী

সময়: 1:53 pm - May 23, 2026 |

মানব কথা:পবিত্র হজে বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হজ গাইডদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে হাজিদের খেদমত করলে ব্যক্তিগতভাবে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার সৌদি আরবে হজে দায়িত্ব পালনকারী ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, হজ গাইড ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ধর্মমন্ত্রী বলেন, হাজিদের প্রকৃত সেবার সবচেয়ে বড় দায়িত্ব গাইডদের ওপরই বর্তায়। হাজিদের মতামত ও মূল্যায়নের ভিত্তিতে সেরা গাইড নির্বাচন করা হবে। এজন্য একটি কমিটি গঠন করা হবে, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ করবে এবং পুরস্কারের অর্থ বিতরণ করবে। তিনি আরও বলেন, যেসব হাজি তাদের গাইডের সেবায় সন্তুষ্ট হয়ে প্রশংসাপত্র দেবেন, সেই গাইডদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে। হাজিদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “হাজিদের নিয়ে যারা প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” সৌদি আরবের বর্তমান হজ ব্যবস্থাপনার প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, অতীতের তুলনায় এখন হজ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন এসেছে। তিনি সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স ও দেশটির হজ মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, যেসব সার্ভিস কোম্পানি ও মুয়াল্লেম হাজিদের সর্বোত্তম সেবা দেবে, তাদের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে এবং সরকারিভাবে আপ্যায়ন করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, হাজিরা অসন্তুষ্ট থাকলে কোনো কর্মকর্তা টিএ/ডিএ বা অন্য সুবিধা পাবেন না। প্রয়োজনে সব ধরনের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন সভাপতিত্ব করেন। এছাড়া হজ মিশনের কাউন্সিলর মো. কামরুল ইসলাম, হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সংসদ সদস্য শামীম কায়সারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। সভায় হাজিদের সেবায় নিয়োজিত সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর