জাতীয় সংসদের পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

সময়: 12:28 pm - June 7, 2026 |

মানব কথা:স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন রোববার (৭ জুন) বিকেলে এ ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথমে থাকা সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন এবং অধিবেশন পরিচালনা করবেন। ঘোষিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় স্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক। তৃতীয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন। এ ছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর দিনের কার্যসূচি অনুযায়ী সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। এ সময় দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সংসদীয় রীতি অনুসারে প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর