স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ে আপিল বিভাগের স্থগিতাদেশ
মানব কথা: সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়। গত ২১ মে রাষ্ট্রপক্ষ এ আপিল দায়ের করে। গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুর ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকার বিধান বাতিল করা হয়। একই সঙ্গে এসব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া অধস্তন আদালতের জন্য ২০১৭ সালে প্রণীত শৃঙ্খলাবিধিও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। পাশাপাশি বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে হাইকোর্টের ওই নির্দেশ আপাতত স্থগিত থাকছে। মামলাটির পরবর্তী শুনানির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।










