শিক্ষা প্রশাসনে বড় রদবদল, পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
মানব কথা: দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-তে চেয়ারম্যান ও সচিব পদে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। নতুন আদেশ অনুযায়ী, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামানকে। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে বদলি করে ঢাকা কলেজে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মিঞা নুরুল হককে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
- ফরুখে আযম মু. আব্দুস ছালাম — চেয়ারম্যান, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
- শামীম আরা চৌধুরী — চেয়ারম্যান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
- অধ্যাপক মো. আহসান পারভেজ — চেয়ারম্যান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামকে রাজশাহী কলেজে এবং যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগমকে সরকারি তিতুমীর কলেজে বদলি করা হয়েছে। সরকারের এ পদায়ন ও রদবদলের মাধ্যমে শিক্ষা বোর্ডগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সূত্র: বাসস










