তাপপ্রবাহ অব্যাহত, আজ বাড়তে পারে ভ্যাপসা গরম; বৃষ্টির সম্ভাবনা কম
মানব কথা : বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় মঙ্গলবার (৯ জুন) সারা দেশে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার সকালে রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হয়নি। বরং সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা ও গরম বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ইশ্বরদীতে ৩৬ দশমিক ৬, খুলনায় ৩৬ দশমিক ৫ এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। সোমবার সিলেটে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি হলেও দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। রাজধানী ঢাকায়ও কোনো বৃষ্টি রেকর্ড করা হয়নি।mআবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরমের তীব্রতা অনুভূত হবে। কোথাও কোথাও বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা সারা দেশে ছড়িয়ে পড়তে আরও কয়েকদিন সময় লাগবে। আগামী ১২ থেকে ১৩ জুনের পর বর্ষার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ততদিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।










