প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
মানব কথা:প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ, সরকারি সেবায় হয়রানি ও বিলম্ব দূর করা এবং প্রশাসনের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে জনস্বার্থসংশ্লিষ্ট একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত, বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।তিনি প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।সরকারি সেবার মানোন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেবা প্রদানের ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর আরও দ্রুত এগিয়ে নিতে হবে।এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে—সেজন্য কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জন ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি, স্বচ্ছতা এবং জনসেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।









