হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৩৯

সময়: 10:39 am - June 10, 2026 |

মানব কথা:দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৯ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। এতে চলতি বছরে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৩৯ শিশুর মধ্যে ৯৪ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৪৫ জন। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৯২৭ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে।এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ১৪৫ জন। বাকিরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সর্বশেষ আট শিশুর মৃত্যুসহ চলতি বছরে নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৪৭ জন। সব মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৩৯ জনে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর দেশজুড়ে নজরদারি, চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে অধিদপ্তর।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি আরও জোরদার করা জরুরি।

Share Now

এই বিভাগের আরও খবর