ঢাকায় এক রুটে এক কোম্পানির বাস পরিচালনার পরিকল্পনা: সড়কমন্ত্রী
মানব কথা:রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিটি রুটে বাস মালিকদের সমন্বয়ে একটি করে কোম্পানি গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। একই রুটে বিচ্ছিন্নভাবে একাধিক মালিকের বাস চলাচলের পরিবর্তে নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে নির্ধারিত মান, রং ও সেবার বাস পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা দূর করতে সরকার রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস পরিচালনায়ও উৎসাহ দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট টার্মিনাল ও বাসস্টপ নিশ্চিত করা হবে। যেখানে-সেখানে বাস থামানো এবং যাত্রী তোলার বর্তমান পদ্ধতি বন্ধ করা হবে। এতে যানজট কমার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে।শেখ রবিউল আলম জানান, রাজধানীর বাস টার্মিনালগুলোর আধুনিকায়নের পাশাপাশি ধাপে ধাপে সেগুলো স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে, সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে এবং মহাখালী টার্মিনাল উত্তরার কাছাকাছি এলাকায় সরিয়ে নেওয়া হবে। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, নতুন টার্মিনালগুলোতে যাত্রীদের জন্য উন্নত অপেক্ষাকক্ষ, টয়লেট, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। এসব অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। মন্ত্রী আরও বলেন, রাজধানীর সড়কে যাত্রীবান্ধব, আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে।









