সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান : অ্যাটর্নি জেনারেল

সময়: 11:23 am - June 20, 2026 |

মানব কথা:বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছি। কোনো মামলায় বা কোনো ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটুক এমন কোনো রাজনৈতিক চাপ কিংবা কোনো রাজনৈতিক প্রত্যাশার কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেনি। এতে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান।তিনি বলেন, আমি একসময় সাংবাদিকতা করতাম। রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। আর দেশে বিচার হয় আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয় (মিডিয়া ট্রায়াল) সে ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।সোশ্যাল মিডিয়া ও অনলাইনের অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে মেইনস্ট্রিম মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর