আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে’ : জামায়াত আমির

সময়: 2:19 pm - June 20, 2026 |

মানব কথা: দেশে শোষণ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন এক ‘অনিবার্য বিপ্লবের’ জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই বিপ্লব কোনো রাজনৈতিক দল, পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য। শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ডা. শফিকুর রহমান বলেন, দেশের তরুণদের সামনে এখন বড় দায়িত্ব। শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে যুবসমাজকে প্রস্তুত হতে হবে।সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুশ-ইনের নামে প্রতিবেশী দেশ যদি অবৈধভাবে তাদের নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে, তাহলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, সীমান্তে বিজিবির পাশাপাশি দেশের জনগণও ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গে বৈরিতা চায় না, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপসও করবে না। বক্তব্যে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তিনি দাবি করেন, বিএনপি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। দলটিকে ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসার আহ্বান জানান তিনি।

নির্বাচনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এরপরও দেশের স্বার্থে এবং অস্থিতিশীলতা এড়াতে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তবে জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, সংসদে দাবি আদায় সম্ভব না হলে দেশের বিভিন্ন প্রান্তে জনগণের আন্দোলন আরও জোরালো হবে। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর