শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৫ কিশোরকে ১০ বছর কারাদণ্ড

সময়: 12:58 pm - June 21, 2026 |

মানব কথা:বগুড়ার শাজাহানপুর উপজেলায় শিশু রিফাত হোসেনকে অপহরণ, হত্যা ও মরদেহ গুমের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সময় নাবালক থাকা আরও পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২১ জুন) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১১ আসামির মধ্যে আটজন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—শাজাহানপুর উপজেলার খাদাস ভোলাগাড়ী গ্রামের আবুল কালাম আজাদ ও সাগর, খাদাস তালুকদারপাড়া গ্রামের সেলিম ইসলাম ও মেহেদী হাসান এবং খাদাস মাঠপাড়া গ্রামের রাজু ইসলাম ওরফে পাঁচফুল। এর মধ্যে সেলিম ইসলাম ও সাগর পলাতক রয়েছেন।শিশু বয়সে ঘটনায় জড়িত থাকার কারণে পাঁচ আসামি সজিব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হোসেনকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তারা প্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, নিহত রিফাত হোসেন শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে। পারিবারিক বিরোধ ও টাকা দাবি নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে আদালতে প্রমাণিত হয়।২০১৮ সালের ১৫ জুলাই নিখোঁজ হওয়ার তিন দিন পর ভদ্রাবতী সেতুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে অপহরণ, হত্যা ও মরদেহ গুমের অভিযোগ প্রমাণিত হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার বিচার শেষে আদালত পাঁচ প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন ধারায় সাজা দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর পরিবার। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের পূর্ণাঙ্গ নথি হাইকোর্ট বিভাগে পাঠানো হবে বলেও জানিয়েছে আদালত।

Share Now

এই বিভাগের আরও খবর