আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা, কয়েকটি সড়কে চলবে নিয়ন্ত্রণ
মানব কথা: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর নাজিমুদ্দিন রোডের ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। ডিএমপি জানিয়েছে, ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন সময় রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এবং শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাজিয়া মিছিলের রুটে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, হোসেনি দালান, বকশীবাজার, চকবাজার, নাজিমুদ্দিন রোড, চাঁনখারপুল, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও ঝিগাতলা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল চলাকালে যানবাহন চলাচল সীমিত বা বন্ধ থাকবে।
ট্রাফিক-লালবাগ বিভাগ জানিয়েছে, তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণকে আগাম যাত্রা পরিকল্পনা করার পাশাপাশি বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।









