বিশ্বকাপে হারের আধাঘণ্টার মধ্যেই ভূমিকম্পে কাঁপল বসনিয়া
স্পোর্টস ডেস্ক:ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার মাত্র আধাঘণ্টার মধ্যেই ২ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বসনিয়া ও হার্জেগোভিনা।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল মোস্তার শহরের ৪ কিলোমিটার পূর্বে এবং রাজধানী সারায়েভো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।এর কিছুক্ষণ আগেই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল স্বাগতিকরা।ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফোলারিন বালোগান গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। পরে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। তবে ১০ জনের দল নিয়েও আধিপত্য ধরে রাখে যুক্তরাষ্ট্র। ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে মালিক টিলম্যান দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।এই জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি।









