৯ জুলাই প্রকাশ হতে পারে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে
মানব কথা:আগামী ৯ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল এসএমএস—এই দুই মাধ্যমে সহজেই ফল জানতে পারবেন। ইতোমধ্যে আইপিইএমআইএস (IPEMIS) সিস্টেমে ফল প্রকাশের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অনলাইনে যেভাবে ফল দেখবেন:
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখতে পারবেন। সেখানে মার্কশিটসহ ফলাফলও পাওয়া যাবে।
এসএমএসেও জানা যাবে ফল:
অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। তবে এ পদ্ধতির চূড়ান্ত নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, টেলিটকের সঙ্গে সমন্বয় করে এসএমএসে ফল জানার নিয়ম চূড়ান্ত করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জেলা পর্যায়ে পাঠানো হবে। এসএসসি পরীক্ষার ফল জানার মতোই প্রায় একই পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন কিংবা এসএমএসের মাধ্যমে তাদের বৃত্তি পরীক্ষার ফল জানতে পারবেন।









