২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩ পদ সৃজনে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন
মানব কথা:দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিস পরিচালনার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণ ও কার্যক্রম আরও গতিশীল করতেই নতুন জনবল সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্মিত ১৬৭টি উপজেলা স্টেডিয়াম এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন আরও ৩৪টি উপজেলার স্টেডিয়ামের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের লক্ষ্যে এই পদগুলো অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ৬০৩টি পদের মধ্যে রয়েছে—
- ২০১টি উপজেলা ক্রীড়া অফিসার,
- ২০১টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং
- ২০১টি অফিস সহায়ক পদ।
অর্থ বিভাগ আটটি শর্তে এই অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ, নির্ধারিত অর্থনৈতিক কোড অনুযায়ী ব্যয় নির্বাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের শর্ত যথাযথভাবে অনুসরণ এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদে নিয়োগ বা পদায়ন সম্পন্ন করা। এ ছাড়া যেসব পদের নিয়োগবিধি এখনো চূড়ান্ত হয়নি, সেগুলোর নিয়োগবিধি দ্রুত প্রণয়ন এবং জনবল কাঠামো (টিওঅ্যান্ডই) হালনাগাদ করে অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।









