সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরুণ শিক্ষকের প্রাণ
সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন (৩০) নামে এক গণিত শিক্ষক নিহত হয়েছেন। গত রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বগাদিয়া উত্তরপোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের বাসিন্দা ও হেদায়েত উল্লাহর ছেলে। তিনি সোনাইমুড়ি আইডিয়াল স্কুলের গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং শিক্ষার্থীদের কাছে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন সোনাইমুড়ি থেকে সাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বগাদিয়া উত্তরপোল এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে সোনাইমুড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহল সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যানবাহন চলাচলে অধিক সতর্কতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।















