গৌরীর সঙ্গে সংসার শুরুর সেই বাড়ির পূর্ণ মালিক এখন শাহরুখ

সময়: 9:02 am - July 11, 2026 |

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’–এর শুটিং নিয়ে। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের এক আবেগঘন স্মৃতিকে আবারও নিজের করে নিলেন তিনি। দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়িটির সম্পূর্ণ মালিকানা কিনে নিয়েছেন শাহরুখ, যেখানে স্ত্রী গৌরী খানের সঙ্গে দাম্পত্য জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল। জানা গেছে, ১৯৯১ সালে বিয়ের পর মুম্বাইয়ে স্থায়ী হওয়ার আগে কিছুদিন ওই বাড়িতেই একসঙ্গে বসবাস করেছিলেন শাহরুখ ও গৌরী। ভবনটির একটি অংশ আগে থেকেই তাদের পরিবারের মালিকানায় থাকলেও বাকি অংশ অন্য মালিকের কাছে ছিল। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে সেই অংশও কিনে নিয়ে পুরো ভবনের মালিকানা নিজের করে নিয়েছেন কিং খান। এর আগে গত বছর শাহরুখের বড় ছেলে আরিয়ান খানও একই ভবনের কয়েকটি তলা কিনেছিলেন। এবার পুরো ভবনই শাহরুখ পরিবারের মালিকানায় চলে এলো। দিল্লির সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক বরাবরই গভীর। সেখানেই তার শৈশব-কৈশোর কেটেছে, সেখানেই শুরু হয়েছিল অভিনয়জীবনের স্বপ্ন দেখা। তাই পঞ্চশীল পার্কের এই বাড়িটি তার কাছে শুধু একটি সম্পত্তি নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি ও আবেগের প্রতীক। ব্যক্তিগত স্মৃতিবিজড়িত এই বাড়ির পূর্ণ মালিকানা ফিরে পাওয়ায় শাহরুখ-ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর